কাল শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াবেন শিল্পীরা 

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ আন্দোলনে আহত-নিহতের প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নামবেন সংগীতশিল্পীরা।

শুক্রবার (২ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটি জানান সংগীতশিল্পী প্রবর রিপন। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে আগামীকাল শনিবার (৩ আগস্ট) মিলিত হবেন তারা।  

 

এদিন বিকাল ৩টায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে গানে গানে সংহতি প্রকাশ করবেন সংগীত শিল্পীরা। ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ নামক সেই অনুষ্ঠানে যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করার জন্য জানানো হয়েছে।