'যোদ্ধা' নেইমার 'লড়াই' চালিয়ে যাবেন

গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন নেইমার। সেই চোট নিয়ে তাকে যেতে হয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠে বাইরে।

দীর্ঘ ৯ মাস মাঠের বাইরে থাকার পর ভক্তদের অবশেষে সুখবর দেন নেইমার। শুরু করেন ফিটনেস ফিরে পাওয়ার লড়াই। এর মধ্যে নেইমারের ক্লাব আল হিলাল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলিয়ান তারকার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে নেইমারকে ফিটনেস অনুশীলন করতে দেখা গেছে।

তবে চোটের সঙ্গে লড়াই করে টিকে থাকা নেইমারের জন্য মোটেই সহজ ছিল না। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেইমার লিখেছেন, ‘আমার চোটে পড়ার দিনগুলো খুব কঠিন ছিল। এমন দিনও এসেছিল, যখন মনে হয়েছিল হাল ছেড়ে দেই। এর ভেতর দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল।’

‘একজন যোদ্ধা হিসেবে, আমি যা চাই, তা না–পাওয়া পর্যন্ত থামছি না। সৃষ্টিকর্তা আমার শক্তি ও রক্ষাকর্তা। প্রতিদিন লড়াই চালিয়ে যাব'

সময়টা কঠিন হলেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছাতে প্রত্যয়ী বলেও জানান নেইমার, ‘একজন যোদ্ধা হিসেবে, আমি যা চাই, তা না–পাওয়া পর্যন্ত থামছি না। সৃষ্টিকর্তা আমার শক্তি ও রক্ষাকর্তা। প্রতিদিন লড়াই চালিয়ে যাব।’

একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হয়তো মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে পারেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল করা এই ফুটবলার।