জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ শনিবার বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে পূর্বনির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি। গতকাল শুক্রবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের আজকের পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না।
এর আগে গত ৩১ জুলাই আওয়ামী লীগ থেকে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) বেলা ৩টা থেকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে এ শোক মিছিল শুরু হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। কিন্তু গত ১ আগস্ট সন্ধ্যায় দলটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নয়, শনিবার শোক মিছিল কর্মসূচি পালন করা হবে।
একটি সূত্র জানিয়েছে, শোক মিছিল কর্মসূচি নিয়ে ঢাকা জেলা ও মহানগরের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকারীদের শুক্রবার মিছিল আছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই শুক্রবারের বদলে শনিবার শোক মিছিলের কর্মসূচি করার পরামর্শ আসে। পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারের বদলে শনিবার শোক মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।