সরকারি চাকরিতে কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাক্সিক্ষত বলপ্রয়োগের ঘটনা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। কোটা সংস্কার আন্দোলন এখন বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী আয়োজিত সাংস্কৃতিক সমাবেশে এসব কথা বলেন তিনি। এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে আরও কয়েকটি সংগঠন।
বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, কর্মসংস্থানের দুর্নীতি-ক্ষোভ জমা ছিল এই যুবকদের মধ্যে। সেই ক্ষোভ ফুঁসে উঠেছিল কোটা আন্দোলনে, কিন্তু সেটা ছিল নিরীহ আন্দোলন। কিন্তু এমন সময় প্রধানমন্ত্রীর উসকানিমূলক বক্তব্যই পরিস্থিতি সেই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যায়। একটা নিঃসঙ্গ ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে, এর দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দের পরিচালনায় বৃষ্টিতে ভিজে গান, কবিতা আর বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছে উদীচী। সমাবেশের প্রথম দিকে কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।