দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ফাস্ট বোলার কেমার রোচ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাঁটুতে চোট পাওয়ায় তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে ফেরা এই পেসারকে জায়গা দিতে বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার ও সহ-অধিনায়ক আলজারি জোসেফকে।
শুক্রবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে আরও ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ব্রায়ান চার্লস। এছাড়া ফিরেছেন জাস্টিন গ্রিভস ও জোমেল ওয়ারিক্যান। আলজারি জোসেফের জায়গায় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কিপার-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা। ইংল্যান্ড সিরিজে মার্ক উডের বলে হাত ভেঙে যাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার এই সিরিজে নেই।
ইংল্যান্ড সিরিজের দল থেকে এই সিরিজের দলে আরও নেই জেরেমিয়া লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি ও আকিম জর্ডান। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে সাত ম্যাচের মাত্র একটি জিতে টেবিলের তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বুধবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে শুরু হবে প্রথম টেস্ট। ১৫ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে গায়ানার প্রভিডেন্সে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।