স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার

চলমান কোটা সংস্কার আন্দোলনের জোয়ার এখন সরকার পতনের এক দফায় রূপ নিয়েছে। এক দফা দাবি নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছেন অন্তত ৫০ হাজার মানুষ। আজ শনিবার বিকেল তিনটার আগে থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হন।

এ সময় শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, নাট‍্যজন, চিকিৎসক, শ্রমিকনেতা, দিনমজুর, বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।

শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের নিয়ে রিকশাওয়ালাদের স্লোগান নজর কেড়েছে সবার।

রিকশাওয়ালা আহমদ হোসেনের সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের। তিনি বলেন, আমার সন্তানের বুকে যে সরকার গুলি মারতে পারে তাকে আমরা চাই না। ছাত্রদের এই আন্দোলনে আমরাও যোগ দিয়েছি, এখানে থেকেই আজ স্লোগান মিছিল দেব।

সত্তোর্ধ বয়সী প্রবীণ এক শিক্ষক দেশ রূপান্তরকে বলেন, আমি একজন শিক্ষক, আমি কোনো রাজনীতি করি না। মুখে দাঁড়ি রাখার কারণে আমাকে রাজাকার বলা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধারা আমাকে রাজাকার বলেছে। আমি এই অপমান সহ্য করতে পারছি না। এই সরকারের পতন দেখতেই আমি এখানে এসেছি।

সংস্কৃতিকর্মী মামুন আহমেদ বলেন, আজ এই সুন্দর মুহূর্ত মিস করতে চাইনি। আমি জানি আজ সবাই এক দফা এক দাবিতে রাস্তায় নামবে। আমিও চাই এই জাতি মুক্তি পাক, ছাত্ররা মুক্তি পাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পরবে সারা দেশে।