যে কারণে স্কুলে বোমাতঙ্ক ছড়াল ছাত্র

ভারতের দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস কলোনির একটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ই-মেইল করে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। কিন্তু সেখানে কোনো বোমা মেলেনি। তদন্ত শুরু করে পুলিশ। এবার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্য়কর তথ্য। স্কুলেরই এক ১৪ বছরের ছাত্র ক্লাস করবে না বলে ওই হুমকি ই-মেইল পাঠিয়েছিল।

জানা গিয়েছে, গ্রেটার কৈলাসের ওই নামী স্কুলে বৃহস্পতিবার মাঝরাতে মেইলটি গিয়েছিল। শুক্রবার সকালে তা দেখার পরই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। স্কুল খালি করে তল্লাশি চালানো হয়। এর পর মেইলটি নিয়ে তদন্ত শুরু করতেই ওই ছাত্রের হদিস পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সবটা পরিষ্কার হয়ে যায়। 

ছাত্রটিকে থানায় ডেকে জেরা করা হয়। তখনই সব কিছু স্বীকার করে নেয় সে। জানায়, স্কুলে মোটেই ভালো লাগে না। পড়াশুনার ঝামেলা এড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছে সে। শুধু নিজের স্কুলেই নয় বিষয়টিকে যাতে সত্যি মনে হয় তার জন্য আরও দুটি স্কুলেও ভুয়া হুমকি মেইল পাঠিয়েছিল সে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।