বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকোর্টের ৯ বিচারপতির শ্রদ্ধা 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক থেকে স্থায়ী বিচারক হওয়া ৯ জন বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ শনিবার সকাল ৯টায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানিয়ে জাতির পিতার পরিবারের শহীদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

৯ বিচারক হলেন বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ এবং বিচারপতি এ  কে এম রবিউল হাসান।

দুই বছর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির মধ্যে ৯ জনকে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে স্থায়ী বিচারক হিসেবে গত ৩০ জুলাই নিয়োগ দেন রাষ্ট্রপতি। ১১ জনের মধ্যে বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ওই দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। একই দিন বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৯ বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।