কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার (৩ আগস্ট) কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে মিছিল নিয়ে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়ে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশ লাইন্সের ভেতর ও আশপাশের বিভিন্ন বাসায় অবস্থান নেয়। ওই সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে ছাত্রলীগ নেতাদের গুলি করতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জিলা স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুলসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী ইকবাল হোসেন ও জামাল উদ্দিন বলেন, এটা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। আমরা কুমিল্লা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অন্যায়ভাবে ছাত্রলীগ আমাদের ওপর হামলা ও গুলি চালিয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, ঘটনার সময় দেড় শতাধিক শিক্ষার্থী প্রাণ ভয়ে পুলিশ লাইন্সের ভেতর আশ্রয় নেয়, আমরা তাদের উদ্ধার করে গাড়িতে বাসায় পৌঁছে দিয়েছি।