আন্দোলনে গুলি না চালানোর রিট রবিবারের কার্যতালিকায় 

দেশব্যাপী চলমান আন্দোলনে গুলি না চালানোর রিট আবেদনটি হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে। আগামীকাল রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এ রিট মামলাটি ১০ নম্বরে রয়েছে।

গত সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা এ রিট আবেদন করেন। ওইদিন ও পরদিন ৩০ জুলাই এ রিটের ওপর শুনানি হয়। পরে গত বুধবার (৩১ জুলাই) রিটটি আদেশের জন্য বেঞ্চটির কার্যতালিকায় ওঠে। 

এদিন রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বিদেশে আছেন। তিনি এ মামলায় শুনানি করবেন। তবে, বেঞ্চের একজন বিচারপতি অসুস্থতার কারণে ছুটিতে থাকায় সেদিন দ্বৈত বেঞ্চ বসেনি। একই কারণে গত বৃহস্পতিবার দ্বৈত বেঞ্চ বসেনি। তাই শুনানি হয়নি।

আদালতে রিটকারী পক্ষে আইনজীবী ছিলেন সারা হোসেন, অনিক আর হকসহ বেশ কয়েকজন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলসহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, মেহেদী হাছান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।