বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়ে রাজপথে নামেন দেশের সংগীতশিল্পীরা। কিংবদন্তি শিল্পী বব মার্লের গানের সঙ্গে মিল রেখে সংগীতশিল্পীরা তাদের এ কর্মসূচির নাম দিয়েছেন ‘গেটআপ, স্ট্যান্ডআপ’। এই কর্মসূচিতে যোগ দিয়ে শনিবার বেলা ৩টায় রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হন শিল্পীরা।
ঠিক একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানালে তাদের সংহতি জানাতে শহীদ মিনারে যান সংগীতশিল্পীরা।
ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগানে স্লোগানে র্যালি করে শহীদ মিনারে জড়ো হয়ে চলমান আন্দোলনে ছাত্রদের পক্ষে সংহতি প্রকাশ করেছেন শিল্পীরা। এ সময় রাজপথে দেখা গেছে ব্যান্ড তারকা মাকসুদ, পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, টিপু, প্রিন্স মাহমুদ, আসিফ আকবর, মাইলস, সোলস, শিরোনামহীন, ওয়ারফেজ, আর্টসেল, এশেজ, সুজিত মোস্তফা, শারমিন সুলতানা সুমি, এলিটা করিম, শওকত আলী ইমন, জয় শাহরিয়ার, মনির খান, সুজন আরিফ, মুহিন, আর্নিক, রাফাত, দোলা, জাহিদ নীরব, গীতিকার লতিফুল ইসলাম শিবলী, গীতিকার জাহিদ আকবর, রাসেল মাহমুদ, খৈয়াম শানু সন্ধি, সোমেশ্বর অলি, তারেক আনন্দ, নির্মাতা আশফাক নিপুণসহ অনেকেই। এ সময় হামিন আহমেদ বলেন, ‘আপনারা যারা আন্দোলন করছেন, আমরা আপনাদের সঙ্গে একমত। আমরা আপনাদের সঙ্গে আছি। একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই, আর একটা গুলিও যেন ছাত্রদের ওপর না চলে। আর একটা জীবনও যেন না যায়। যাদের ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়। যে জীবনগুলো গেছে এর সুষ্ঠু বিচার হতে হবে। কোনো দলের কমিটি দিয়ে নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা গণতান্ত্রিক অধিকার চাই। আমরা বাকস্বাধীনতা চাই। আমরা আশা করব যারা জনসাধারণের মনের কথা বুঝতে পারবে আমরা তাদের চাই।’
কণ্ঠশিল্পী মনির খান বলেন, ‘আমি একজন সংগীতশিল্পী, সংগীতকর্মী। আজ যেভাবে শিশুদের হত্যা করা হয়েছে প্রত্যেকটি পিতা-মাতার যে ক্রন্দন একজন পিতা হিসেবে এটি সহ্য করা যায় না। কত বাবা-মায়ের কান্না যেগুলো দেখে ঘুম আসে না। সেসব কান্না দেখে একজন পিতা হিসেবে আমি ছাত্রদের সঙ্গে রাজপথে নেমেছি। ছাত্রদের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি। এই আন্দোলন যৌক্তিক আন্দোলন সব মেধার মূল্য, ছাত্রদের দাবির মূল্য দিতে হবে।’
সশরীরে উপস্থিত নাহলে জলের গান, চিরকুট, ব্ল্যাক, এভয়েড রাফা, ইন্ডালো, অড সিগনেচার, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, নেমেসিস, কুঁড়েঘর ব্যান্ডসহ মানাম আহমেদ, রাহুল, জন কবির, ন্যান্সি, আরমিন মুসা, এ কে রাহুলরা চলমান আন্দোলনে ছাত্রদের পক্ষে সংহতি প্রকাশ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারকাদের অনেকেই। এদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সেøাগান দেন বিক্ষুব্ধ শিল্পীরা।