ঢাকাসহ ৪ জেলায় আজ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল

ঢাকাসহ দেশের চার জেলায় আরও বাড়ানো হয়েছে কারফিউ শিথিলের সময়।

আজ রোববার (৪ আগস্ট) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

উল্লিখিত এলাকাগুলোয় এর আগে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এই হিসাবে কারফিউ শিথিলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দু-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।