দেশের নিয়মিত খবর রাখছেন শাবনূর

সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। গত দু-বছর বাংলা সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে। শোনা গিয়েছিল, ভালো চিত্রনাট্যের আশায় ছিলেন তিনি। তবে নায়িকার অপেক্ষা ফুরিয়েছে।
 
‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা দিয়ে ফিরছেন শাবনূর।  গত ১৪ এপ্রিল থেকে শুটিং শুরু হয়। বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে এখনো দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী।

তাই শুটিং পেছালেন শাবনূর। তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে জানান এই অভিনেত্রী। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে শাবনূর বলেন, ‘এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এই পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না।


আমি সব সময় দেশের খবর রাখছি। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।’ 

‘রঙ্গনা’ পরিচালনা করেছেন আরাফাত হোসাইন।  নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে। ‘রঙ্গনা’ সিনেমায় গান থাকবে তিনটি। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

এদিকে  শনিবার থেকে আগামী শুক্রবার (৯ আগস্ট) প্রতিদিন দুপুর ২টায় শাবনূর অভিনীত ৭টি বাংলা সিনেমা প্রচার করছে দীপ্ত টেলিভিশন। এর মধ্যে ৩ আগস্ট প্রচার হবে আরিফ মাহমুদের পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’। সিনেমাটিতে শাবনূর ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। ৪ আগস্ট প্রচার হবে ওয়াকিল আহমেদের পরিচালিত ‘ভুলোনা আমায়’। এতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, আমিত হাসানসহ অনেকে।

৫ আগস্ট প্রচার হবে এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না ও মৌসুমী। ৬ আগস্ট  একই নির্মাতার সিনেমা ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ প্রচার হবে। যেখানে অভিনয় করেছেন শাবনূর, মান্না ও পূর্ণিমা।

৭ আগস্ট আবিদ হাসান বাদল পরিচালিত ‘তুমি শুধু তুমি’ সিনেমাটি প্রচার হবে। শাবনূর, রিয়াজ ছাড়াও অমিত হাসান রয়েছেন এই সিনেমায়। ৮ আগস্ট থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।

সপ্তাহের শেষ সিনেমা হিসেবে প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটি নির্মাণ করেছেন শাহ মো: সংগ্রাম। রোমান্টিক ঘরনার সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। এতে আরও দেখা গেছে সাহারা, ওমর সানি, কাজী হায়াৎ, আনোয়াকে।