চলমান পরিস্থিতিতে মন্ত্রী-এমপি, আমলা ও ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জনের দেশত্যাগ করেছেন। এদের মধ্যে একাধিক মন্ত্রী-এমপি ও আমলা রয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায়, তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র তাপস শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন । সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।
বিমানবন্দর সূত্র উল্লেখ করে কেউ কেউ বলছেন, আজ ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে কয়েকজন মন্ত্রী, এমপি, আমলা, বিচারপতি, ব্যবসায়ী বিদেশে পাড়ি দিতে পারেন। এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা।
এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশত্যাগ করেছেন। আগামী কয়েক দিনে আরও যারা দেশছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলেও বলছেন কেউ কেউ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি।