টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে। এ ঘটনায় অন্ততপক্ষে তিনজন গুলিবিদ্ধ ও ১৫ জন আহত হয়েছে।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার বটতলায় আন্দোলনকারীদের মিছিলে ছাত্রলীগ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে ছাত্রলীগ পিছু হটে স্থানীয় বিবেকানন্দ স্কুলে আশ্রয় নিলে তাতে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনা ছড়িয়ে পড়লে শহরের বিভিন্নস্থানে উভয় পক্ষের মধ্যে সহিংসতা বাড়ে। একপর্যায়ে শহরের সিএনবি রোড এলাকায় আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন দলের কর্মীদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
এছাড়াও দুপুর ১টার দিকে পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে।
অপরদিকে ঘাটাইলে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপজেলা পরিষদ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনায় পুরো জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।