ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) দুপুরে কেওঢালা এলাকায় আওয়ামী লীগ নেতা এমএ সালাম চেয়ারম্যানের বাড়ির সামনে বেঙ্গল ফ্যাক্টরীর গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা রবিবার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয়। পরে দুপুর ১২ টার দিকে কয়েক হাজার ছাত্রজনতা একটি মিছিল নিয়ে মহাসড়কের কেওঢালা বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর সামনে পৌঁছায়।
এ সময় বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালামের নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী নিয়ে ছাত্র জনতার মিছিলে হামলা ও প্রকাশ্যে গুলি ছুড়ে। এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হলে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও টপাটকেল নিক্ষেপ করা হয়। প্রায় তিন ঘণ্টা সংঘর্ষে মদনপুর কেওঢালা এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। এতে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।