কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আব্দুর রাজ্জাক রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক রুবেল উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া সংঘর্ষে ওই যুবক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলী এহসান বিজয় বলেন, রুবেল নামে একজন হাসপাতালে মারা যান। এ ছাড়া ১২ জন আহতকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে ইলিয়টগঞ্জে সকালে হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি প্রাইভেটকার ও রেকারে আগুন দেওয়া হয়। এ সময় পুরাতন ফাঁড়িতে আগুন দেওয়া হয় এবং দাউদকান্দি হাইওয়ে পুলিশের থানা ঘেরাও করা রাখা হয়।
এছাড়া দাউদকান্দি সকালে সুন্দলপুর ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি অটোরিকশা ও ৬টি মোটরসাইকেল। এ সময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম মিয়াজী আহত হন।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল ইসলাম বলেন, আমাদের পুরাতন পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। নতুন ফাঁড়িতে তালা দিয়ে আমাদের অবরুদ্ধ করা হয়েছে। আগুন দেওয়া হয় একটি প্রাইভেটকার ও একটি রেকারে।