বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে নগরীর নবগ্রাম রোডে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
রোববার বেলা পৌনে ১টার দিকে নগরীর চৌমাথা থেকে নবগ্রাম রোডে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর মিডিয়া সেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা নগরীর চৌমাথা থেকে নবগ্রাম সড়কে ঢুকে সড়কটি দখলে নেন। নবগ্রাম সড়কে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের মমতাজ ভিলায় ব্যাপক ভাঙচুর চালান। তার বাসার গেটের মধ্যে এবং সামনের সড়কে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে বেলা ১১টা থেকে চৌমাথা-নবগ্রাম সড়কে ছাত্রলীগ ও যুবলীগ সশস্ত্র অবস্থান করছিল।
এ সময় যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে। মারধর করা হয় কিছু ছাত্রকে। শেষ খবর পাওয়া পর্যন্ত নবগ্রাম রোড, চৌমাথা, গোরস্তান রোডের একাংশে প্রতিমন্ত্রীর বাসার কাছাকাছি পুলিশ অবস্থান নিয়ে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।