বর্তমানে সারাদেশে চলমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও শঙ্কা জানিয়ে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রবিবার (৪ আগস্ট) কমিশনের এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
বিবৃতিতে জাতীয় জীবনে শান্তি, জনসাধারণের নিরাপত্তা ও জনগণের দৈনন্দিন জীবন যাপনে স্বস্তি আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে কমিশন। একইসঙ্গে কমিশন বলেছে, সকল পর্যায়ে সাংবিধানিক ও মানবিক দৃষ্টিভঙ্গির অনুসরণে জনগণের অধিকার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতকরণ গুরুত্বপূর্ণ।
কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, ‘ইতিমধ্যে সারাদেশে বহুসংখ্যক মূল্যবান প্রাণহানি ঘটেছে যা অত্যন্ত মর্মপীড়াদায়ক। সকল প্রকারের সহিংসতা ও নাশকতা পরিহার করে জনজীবনে শান্তি স্থাপনের প্রচেষ্টার প্রতি ইতিপূর্বেও কমিশন বেশ কয়েকবার আহ্বান জানিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এত বেদনাদায়ক ঘটনার পরেও আন্দোলনের তীব্রতা কমছে না। এ অবস্থায় পরস্পর বিরোধী পক্ষসমূহের মারমুখী অবস্থান ও সহিংসতায় কোনো শান্তি আনার পরিবর্তে সম্ভাবনার সৃষ্টি করেছে ভবিষ্যতে অধিকতর দুর্ভাগ্যজনক প্রাণহানি ও নির্মমতার।’
তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে সকল অস্থিরতা নিরসনপূর্বক স্থিতিশীলতা আনয়ন বিশেষভাবে প্রয়োজন। জাতীয় পর্যায়ে শান্তিপূর্ণ ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি হতে পারে সারা বিশ্বে স্বীকৃত আলোচনা ও সংলাপের মাধ্যমে। এ জন্য সকলের মাঝে সহযোগিতা, সহনশীলতা ও সহমর্মিতামূলক মনোভাব পোষণ করে সকল পক্ষ সংলাপে অংশগ্রহণ একান্ত প্রয়োজন।’