সারা দেশে কারফিউ জারি করায় নিজেদের পূর্বঘোষিত শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। কাল সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগের শোক মিছিল হওয়ার কথা ছিল। এই মিছিলের পাশাপাশি শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
রোববার রাতে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বিজ্ঞপ্তি দিয়ে শোক মিছিল হচ্ছে না বলে তথ্য দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারফিউ এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকালের (সোমবার) পূর্ব নির্ধারিত শোক মিছিল অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।
কোটা আন্দোলনে সহিংসতা ও প্রাণহানি নিয়ে সৃষ্ট উত্তেজনার পর সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি ডাকা হলেও রোববার দেশজুড়ে কর্মসূচিতে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন দেখা যায়। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় দেখা যায় অভিভাবকদেরও।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সংঘর্ষ-সংঘাত হয়। সারা দেশে সহিংসতায় ৯৩ জন নিহত এবং অনেক মানুষ আহত হন। এ অবস্থায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার।