ঢাকার সাভারে পুলিশের গুলিতে এক যুবক মারা গেছেন। সোমবার সকালে (৫ আগস্ট) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এছাড়া আজকের সংঘর্ষে সাংবাদিকসহ গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিতে নিহত যুবকের নাম রমজান (৩৫)। তার বুকের বাঁ পাশে গুলি লেগেছে। তিনি আশুলিয়ার বাইপাইল মৎস্য আড়তে লেবারের কাজ করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১১টায় সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লায় মাছরাঙা টেলিভিশনের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবকে গুলি করেছে পুলিশ। এসময় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।