মাশরাফীর বাড়িতে ভাঙচুর-লুটপাটের পর অগ্নিসংযোগ

জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৫টার দিকে বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষুব্ধ লোকজন প্রথমে মাশরাফীর বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া ঘরে থাকা মাশরাফী ও তার পরিবারের দুর্লভ ছবি, ট্রফিসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে।

পরে বিক্ষুব্ধ লোকজন মাশরাফীর বাড়ির দোতলায় উঠে আলমারি ও অন্যান্য আসবাবপত্র থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মাশরাফীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ঘটনার সময় ওই বাড়িতে মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন ও মা বলাকা মোর্ত্তজা ছিলেন না। একটি ছেলের কাছে বাড়ির চাবি দিয়ে তারা বাড়ি থেকে আগেই নিরাপদ স্থানে চলে গেছেন।

এদিকে বিক্ষুব্ধ লোকজন মাশরাফীর প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস জিমটি ভাঙচুর ও লুটপাট করে। এসময় বিক্ষুব্ধ লোকজন জিমের মূল্যবান জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিক্ষুব্ধ লোকজন পুরাতন বাস টার্মিনালে প্রজন্ম চত্বর, বঙ্গবন্ধুর মুর‌্যাল, জেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুর করে। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর পোট্রেট, নড়াইল পৌরসভার গেটে বঙ্গবন্ধুর পোট্রেট ভাঙচুর করে। 

এদিকে বিএনপি, জামায়াতসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বেরিয়ে এসে আনন্দ উল্লাস করেছে এবং বিজয় মিছিল করেছে। বিভিন্ন রাস্তায় শত শত মানুষ বেরিয়ে এসে জয় উল্লাস করছে।