গরমে গাছের তলায় তোয়ালে পেতে ঘুমোলেন অলিম্পিকে সোনাজয়ী

অলিম্পিকের গেমস ভিলেজে তীব্র গরম। আর সেই কারণে প্রতিযোগিতায় সোনাজয়ী সাতারু থমাস সেক্কনকে দেখা গেল স্থানীয় একটি উদ্যানে গাছের তলায় ঘুমোতে। সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে। গরমের কারণে নিজের ঘরে ঘুমোতে পারেননি বলে জানিয়েছেন থমাস।

সাদা তোয়ালে পেতে গাছের তলায় থমাসের ঘুমোনোর ছবি পোস্ট করেন সৌদি আরবের রোয়ার হুসেন আলিরেজা। ইতালির সাতারু ১০০ মিটারের ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন। তার পরেই অলিম্পিক ভিলেজে ঘরের পরিবেশ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেন।

তিনি বলেন, 'অনেক খেলোয়াড়ই ভিলেজ ছেড়ে চলে যাচ্ছে। আমি কোনো অজুহাত দিতে চাই না। কিন্তু এটাই বাস্তব, যা হয়তো কেউ জানে না। বাড়ি থাকলে সাধারণত আমি দুপুরে ঘুমাই। এখানে গরম এবং আওয়াজের কারণে সেটা হচ্ছেই না।'

প্যারিস এবং শাতোরু, অলিম্পিক্সের দু’টি কেন্দ্রেই গরম বেড়েছে। থমাস একাই নন, অনেকেই গেমস ভিলেজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মধ্যে কোকো গফ, আরিয়ার্নে তিতমাস এবং আসিয়া তুয়াতি রয়েছেন। যে ঘর দেওয়া হয়েছে তা কারোরই পছন্দ হয়নি। 

৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর তিতমাস জানান, ভাল জায়গায় থাকতে পারলে তিনি বিশ্বরেকর্ড গড়তেন। বলেছেন, 'এ রকম অলিম্পিক্স ভিলেজে থাকলে ভাল খেলা সত্যিই কঠিন কাজ।'

অলিম্পিকে কার্বন নিঃসরণ কমাতে গেমস ভিলেজের কোনো ঘরেই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগাননি আয়োজকেরা। যে বিছানাগুলি করা হয়েছে সেগুলিও পুনর্ব্যবহারযোগ্য। কিন্তু ঘুমানোর মতো আদর্শ নয়। ফলে অনেক খেলোয়াড়ই অভিযোগ জানাচ্ছেন গেমস ভিলেজের পরিবেশ নিয়ে।