দেশের রাজনৈতিক সংকট নিরসনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক নেতারা। সোমবার (৫ আগস্ট) সেনাবাহিনী সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস; জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ; হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মাওলানা সৈয়দ ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ এবং প্রমুখ।
আলোচনায় মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতপূর্বক 'অন্তর্বর্তীকালীন সরকার' গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনাশেষে প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সকল হত্যাকাণ্ড ও অন্যায়ের বিচার করা হবে, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন। সহিংসতার পথ ছেড়ে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান এবং ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি অতি শীঘ্রই ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন বলে জানান।
তিনি বলেন, পরিস্থিতি অচিরেই স্বাভাবিক হয়ে আসবে। সেনাবাহিনী প্রধান ছাত্র-ছাত্রীসহ দলমত নির্বিশেষে দেশের সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।