পালিয়েছেন নিজাম হাজারী 

শেখ হাসিনার পদত্যাগের খবরের ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেছেন। 

সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

নিজাম হাজারীর পাশাপাশি ফেনী সদর উপজেলা চেয়ারম্যান, ফেনী পৌর মেয়রসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যায় বলে জানা যায়। সোমবার দুপুরের পর থেকে জাতীয় পতাকা হাতে লাখো মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। তবে বিজয় উল্লাসের পাশাপাশি একশ্রেণির লোক বিভিন্ন ভবন ও কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তেজিত জনতা দুপুর থেকে মাস্টারপাড়ায় এমপি নিজাম হাজারীর কাছারি ও পুরাতন বাড়িতে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে উত্তেজিত শত শত জনতা আলিশান বাগানবাড়িতে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তাদেরকে বাগানবাড়ি থেকে যে যার মতো করে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। তবে ঘটনার আগেই বাড়ি থেকে সটকে পড়েন নিজাম হাজারী। 

এছাড়া শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়, পিটিআই স্কুল, ফেনী পৌরসভা, স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ফেনী, দাগনভূঞা-ছাগলনাইয়া থানা ও শহরের আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত রবিবার আওয়ামী লীগের এই নেতাদের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে গুলি করে ৮ জনকে হত্যা করে।