খাগড়াছড়িতে বন্যায় অভ্যন্তরীণ সড়ক ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। অন্যদিকে দেখা দিয়েছে নদীভাঙন।
খাগড়াছড়ি জেলা সদরের আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বটতলী-গড়গয্যাছড়ি সড়কের কয়েকটি স্থান পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। উপজেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়ার চাইন্দা বৌদ্ধবিহার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি যেমন তলিয়ে গেছে, তেমনি ঘরবাড়িও ভাঙনের হুমকিতে রয়েছে।
গঞ্জপাড়ার বাসিন্দারা রিপ্রু মারমা জানান, প্রতিবছর বন্যায় নদীর পাড় ভেঙে যায়। এতে ফসলি জমি ভেঙে যাচ্ছে, বাড়িঘরও ভাঙনের হুমকিতে আছে। যে স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, তার কিছু দূরে জিআই ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে। এটি যদি আরও আড়াইশ থেকে তিনশ মিটার সম্প্রসারণ করা হয়, তাহলে এই ভাঙন রোধ করা সম্ভব হবে। গঞ্জপাড়া ছাড়াও কমলছড়ি, পেরাছড়া এলাকায় ভাঙনের খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলম জানিয়েছেন, বন্যায় ৩০ হেক্টরের অধিক বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। তিন হাজার হেক্টরের অধিক জমি পানিতে তলিয়ে গেছে। সেইসঙ্গে দেখা দিয়েছে ভাঙন। তবে ভাঙনরোধে কাজ চলছে।