অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। আজ মঙ্গলবার সকালে তিনি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। এতে ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
২০২১ সালের ২৪ জানুয়ারি তাকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে আমি পদত্যাগ করেছি। আমি যেহেতু একজন সিনিয়র আইনজীবী তাই এখন থেকে আদালতে আইনি পেশায় নিয়মিত হব।’