শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পাল্টে গেছে সচিবালয়ের চিত্র। সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামফলক সরিয়ে ফেলা হয়েছে সচিবালয় থেকে। সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।
মঙ্গলবার (৬ আগস্ট) সরেজমিন দেখা যায়, সোমবার থেকে অফিস খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, সব মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নামফলক সরিয়ে ফেলা হয়েছে। মন্ত্রীর দপ্তরগুলো ফাঁকা পড়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো নামফলকটিই সরিয়ে ফেলা হয়েছে। যে দপ্তর সব সময় সরগরম থাকতো সেখানে ছিল সুনসান নীরবতা।
আইনমন্ত্রীর দপ্তরে গিয়ে দেখা গেছে, নাম ফলকটি থাকলেও সেখান থেকে সরে গেছে আনিসুল হকের নাম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নাম ফলক সরিয়ে ফেলা হয়েছে। বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের ইউনিফর্ম রেখে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেও দেখা গেছে। তবে সচিবরাও অফিস করেছেন খুবই কম। দু-একজন সচিব এলেও তারা অল্প সময়ের মধ্যে আবার সচিবালয় থেকে বেরিয়ে যান।