লংমার্চ টু ঢাকা' কর্মসূচিতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ূম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুবির প্রথম শহীদ তিনি।
গতকাল (৫ আগস্ট) লংমার্চে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাভারের নিউমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাঁকে সাভারে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়। আজ (৬ আগস্ট) সকাল ৯টায় মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর বড় ভাই মোহাম্মদ কাউসার বলেন, "আমার ভাই গতকাল আন্দোলনে গেলে সাভারের নিউমার্কেট এলাকায় তাঁর গায়ে গুলি লাগে। সেই গুলিতে তার কিডনি ফুটো হয়ে যায়। গতকাল গুলি বের করা হলেও লাইফ সাপোর্টে ছিল। আজকে ডাক্তার জানাল আমার ভাই আর বেঁচে নেই। আমার একমাত্র ছোট ভাইকে হারালাম। আল্লাহর এটা কেমন বিচার।
এদিকে আবদুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে শিক্ষক সমিতি। পাশাপাশি প্রশাসন ও রাষ্ট্রের কাছে তাঁর অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের দ্রুত সময়ে সুষ্ঠু বিচারের দাবি জানান তাঁরা।