টেকনাফে অনুপ্রবেশকালে নৌকাডুবি, শিশুসহ ১৮ রোহিঙ্গার লাশ উদ্ধার

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি ডুবে গিয়েছে। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ সাগর উপকূল থেকে এ পর্যন্ত শিশুসহ ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ২২ জন। 

টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া এবং সাবরাং নোয়াখালীয়াপাড়া এবং শাহপরীর দ্বীপ পয়েন্টে মঙ্গলবার দুপুর ১২টার পরে এ দুর্ঘটনা ঘটে।  নিহতের মধ্যে ৮ জন শিশু, ৭ নারী ও ৩ জন পুরুষ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।

টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকাডুবির ঘটনায় এই পর্যন্ত ১৩ জন রোহিঙ্গা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া দুইটি নৌকায় ৪০ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। যারা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।