রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১০-১৫ জনের তালিকা দিয়েছে সমন্বয়করা

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের একথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সরকারের প্রধান করার সিদ্ধান্ত নিলেও এই সরকারে অন্য কারও নাম এখনও চূড়ান্ত হয়নি। আমরা ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছি। সবার সঙ্গে আলোচনা করে এই সরকার গঠন করা হবে। এই তালিকা চূড়ান্ত না হওয়ায় এতে কারা রয়েছেন সেটা জানাননি সমন্বয়করা। 

নাহিদ আরও বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।