২০৫ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত, পুনরায় ফ্লাইট চলাচল শুরু

ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে নয়াদিল্লিতে ছয় শিশুসহ ২০৫ ভারতীয় নাগরিককে ফেরত নেয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চার্টার্ড ফ্লাইট A321 ফ্লাইটি দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ফিরিয়ে নেয়া ভারতীয়দের মধ্যে ছয়জন শিশু এবং ১৯৯জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। খুব অল্প সময়ের নোটিশে ফ্লাইটটি পরিচালনা করা হয় বলে জানান কর্মকর্তারা।

তবে বুধবার থেকে রাজধানী ঢাকার সাথে এয়ার ইন্ডিয়া তাদের নির্ধারিত কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা থেকে দৈনিক দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া।

এর আগে মঙ্গলবার এয়ার ইন্ডিয়া সকালের ফ্লাইট বাতিল করলেও সন্ধ্যায় ফ্লাইট পরিচালনা করেছিল।

অন্যদিকে ভারতীয় বিমানসংস্থা ভিস্তারা এবং ইন্ডিগোও পুনরায় তাদের সময়সূচি অনুযায়ী বাংলাদেশের সাথে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের কারণে মঙ্গলবার বাংলাদেশের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে রেখেছিল ভারত।