উত্তাল একটা সময় পাড় করেছে বাংলাদেশ। গত কয়েকদিনে দেশে নিহতের সং্খ্যা কয়েক শতাধিক। এই সময়ে বন্ধ ছিল ক্রিকেটারদের অনুশীলন। সব অস্থিরতার সময় পেরিয়ে আজ ক্রিকেটাররা ফিরেছেন মাঠে। ফিরেই নিহতদের স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করলেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত রূপ নেয় এক দফায়। এক পর্যায়ে জনরোষের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাধ্য হন প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়ে তিনি পালিয়ে যান ভারতে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সফরটি পিছিয়ে যায়। মুশফিকদের পাকিস্তান যাওয়ার সম্ভাব্য সূচি ৯ আগস্ট।
এতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে পরিবর্তন আনতে হচ্ছে। আগের সূচি অনুযায়ী ১০ আগস্ট প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা, ১৮ আগস্ট দ্বিতীয়টি। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা দুই দলের। বাংলাদেশ সময়মতো যেতে না পারায় নতুন করে সফরসূচি সাজাতে হচ্ছে।
‘এ’ দলের ম্যানেজার শরিফুল ইসলাম বলেছেন, ‘আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি। ৯ তারিখের টিকিটটা হয়ে গেলে সিরিজের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করা হবে।’