সপরিবারে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে রাহুল আনন্দকে

জলের গানের দলনেতা রাহুল আনন্দের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। স্ত্রী-সন্তানসহ সোমবার (৫ আগস্ট) তাঁর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় তাঁকে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে নিজের দলের সদস্যদের নিয়ে রাজধানীর রবীন্দ্রসরোবরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপরও তছনছ করা হয়েছে তাঁর বাড়ি।

দলনেতা ও ভোকাল রাহুল আনন্দের বাড়িতে হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে জলের গান। বিবৃতির সঙ্গে যুক্ত করা হয়েছে একটি গান। এই বাড়িতে রেকর্ড করা শেষ গান।

অফিশিয়াল ফেসবুক পেজে ব্যান্ডটি লিখেছে, ‘জলের গানের ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি শুধু রাহুল আনন্দের বসতবাড়ি ছিল না; ছিল পুরো দলটির স্বপ্নধাম, আনন্দপুর। যেখানে তৈরি হয়েছে কত গান, কত সু্র, আর দাদার ভাবনাপ্রসূত শত শত বাদ্যযন্ত্র। শুধু তা-ই নয়। জলের গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো বাড়িটি। দলের সকলের দলগত সংগীতচর্চা থেকে শুরু করে, সকল স্টুডিও ওয়ার্ক-রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এখানেই হতো।’


সোমবার বিকেলে হামলা ও অগ্নিসংযোগের সময় শিল্পী ও তাঁর পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার সময় দিয়েছিল দুর্বৃত্তরা। রাহুলরা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাঁর মন ভেঙে গেছে। বাড়িটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে বাদ্যযন্ত্র, আসবাব—সবকিছু ভেঙে ফেলা হয়েছে। ব্যাপক লুটপাট চালানো হয়। ঘর থেকে লেপ-তোশকও নিয়ে যেতে দেখা যায়। এসিও খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। সাধারণ জীবন যাপন করতেন রাহুল আনন্দ। তাঁর এই বাড়ির দরজা ভক্তদের জন্য সব সময় খোলা ছিল।