জলের গানের দলনেতা রাহুল আনন্দের বাড়িতে হামলা চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। স্ত্রী-সন্তানসহ সোমবার (৫ আগস্ট) তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় তাঁকে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে নিজের দলের সদস্যদের নিয়ে রাজধানীর রবীন্দ্রসরোবরে দাঁড়িয়েছিলেন তিনি। এরপরও তছনছ করা হয়েছে তার বাড়ি।
এমন ঘটনায় ক্ষুব্ধ গায়ক শায়ান চৌধুরী অর্ণব। সোশ্যালে জানালেন তীব্র প্রতিবাদ। রাহুলের বাড়িতে যখন হামলা চলছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানান ‘শিরোনামহীন’ ব্যান্ডের দানিয়াল। সেই পোস্ট শেয়ার করে অর্ণব লেখেন, “এ বিশাল ক্ষতি। মেনে নিতেই পারছি না। একেবারেই বেঠিক। আমি ক্ষমাপ্রার্থী। রাহুল আমরা তোমার সঙ্গে আছি। ওর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাদ্যযন্ত্রের দারুণ সংগ্রহ ছিল। এবার তো ভাবছি খাল কেটে কোন কুমীর আসবে?”
হামলা ও অগ্নিসংযোগের সময় শিল্পী ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার সময় দিয়েছিল দুর্বৃত্তরা। রাহুলরা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাঁর মন ভেঙে গেছে। বাড়িটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।