ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ঢাবি শিক্ষার্থীরা

ক্যাম্পাসে হামলা, শেখ হাসিনা সরকারের পতনসহ বেশ কিছু ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘদিন পর থমথমে অবস্থা থেকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে। একে একে সব হলের শিক্ষার্থীরা হলে উঠছেন, ক্যাম্পাসে পদচারণা করছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ খানিকটা মলিনই দেখা গেছে। ময়লা জমে থাকতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। ক্যাম্পাস খোলার পর এবার সেসব অপরিচ্ছন্নতা দূর করতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী টিএসসি, লাইব্রেরি চত্বর, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, অপরাজেয় বাংলার আশপাশ পরিচ্ছন্ন করছেন। এদিন তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। নির্দিষ্ট স্থান পরিষ্কার শেষে ময়লাভর্তি পলিব্যাগগুলো ময়লার ডাম্পিং স্টেশনে ফেলে দেন।

একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে নামেন মার্কেটিং বিভাগের তিন বন্ধু মোহাম্মদ হাসান, ফাইজা তাসনিম তানহা এবং ফারদিন খান লাজিম। দেশ রূপান্তরকে তারা বলেন, আমাদের ক্যাম্পাস পরিষ্কার করার দায়িত্ব আমাদের। গত এক মাস ধরে নানান ঘটনায় ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক ছিল না। যার ফলে ক্যাম্পাসটা অনেকটা নোংরা হয়েছিল। তাই যখন জানতে পারলাম শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান করবেন তখন আমরাও অংশ নেওয়ার চিন্তা করি। এই কাজে অংশ হতে পেরে ভালোই লাগছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রেজওয়ানা প্রত্যাশা দেশ রূপান্তরকে বলেন, যেহেতু ক্যাম্পাসটা আমাদের তাই পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের। সে দায়িত্বের জায়গা থেকে আমরা বন্ধুরা মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি। শিক্ষার্থীরা দায়িত্ব নিলে শুধু ক্যাম্পাস নয়, দেশটাকেও পরিচ্ছন্ন রাখা সম্ভব।