সংসদে উচ্চ কক্ষ চালুর প্রস্তাব তারেক রহমানের

দেশী-প্রবাসী মেধাবী বাংলাদেশিদের নিয়ে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশে কিংবা বিদেশে থাকেন এমন অনেক মেধাবী বাংলাদেশি মানুষ আছেন। যারা জ্ঞানে-বিজ্ঞানে অভিজ্ঞ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এমন অনেকেই রাজনীতিতে সংশ্লিষ্ট হতে চান না। সুতরাং এসব গুণী মানুষদের রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব করছে বিএনপি।’

তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন না আনতে পারলে আমাদের এই বিপ্লবের কাঙ্খিত ফল আসবে না।’

এসময় শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সারা দেশের সাড়ে ১২ কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা। গত ১৫-১৬ বছরে জনগণের ওপরে স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিলে তিনি।’

‘স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র ও জনতার রক্ত ঝরানো বিপ্লবের চূরান্ত লক্ষ্য বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ে মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান, তারেক রহমান।’