দাউদকান্দিতে ছাত্রদের ওপর হামলাকারী গণপিটুনিতে নিহত

কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী যুবক মাহবুব আলম (২৫) গণপিটুনিতে নিহত হয়েছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল থেকে গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ডে যানজট নিয়ন্ত্রণে কাজ করে ছাত্ররা। দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে চাপাতি দিয়ে ছাত্রদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মাহবুব আলম। এতে শামীম, কারীম, আবদুল্লাহ, সাইফ, নেওয়াজ শরীফ ও সিমু ইসলামসহ ১০/১২ জন শিক্ষার্থী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে ভর্তি করেন।

পরে হামলাকারী মাহবুবকে সিএনজিসহ গৌরীপুর পশ্চিম বাজারে আটক জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহবুব তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ আলম।