অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সন্ধ্যার দিকে (বাংলাদেশ সময়) দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।
ড. ইউনূস বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরপর রাত ৮টায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন।
অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে।