দুদকে প্রেষণে থাকাদের ৩ দিনের মধ্যে সরানোর দাবি 

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রেষণে আসা কর্মকর্তা-কর্মচারীদের দুদক থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।

এছাড়া আগামী ৭ কর্মদিবসের মধ্যে দুদকের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রদানসহ ৫ দফা দাবি জানায় তারা। প্রথম পর্যায়ে আগামী ১০ দিনের কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে তারা এসব দাবি জানান।

লিখিত বক্তব্যে ডুসা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিশ্রুত দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনে বর্তমান কমিশনের কাছে প্রথম ১০ দিনে বাস্তবায়নের জন্য ডুসার ৫ দফা দাবি পেশ করে।

এসব দাবির মধ্যে রয়েছে- বিধি বহির্ভুতভাবে প্রেষণে নিয়োগপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত (বিভিন্ন সরকারি দপ্তরের) কর্মকর্তা-কর্মচারীদের আগামী তিন দিন কর্মদিবসের মধ্যে মাতৃ সংস্থায় প্রত্যাবর্তন নিশ্চিত করা; দ্বিতীয়ত, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২০ ক ধারা অনুযায়ী তদন্তের সময়সীমা বাধ্যকর না করা, এরূপ সময়সীমা লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে গৃহীত প্রশাসনিক ব্যবস্থা বাতিল করা এবং সৎ ও যোগ্য কর্মকর্তাদের সমন্বয়ে দুদকের যাচাই-বাছাই কমিটি প্রেষণে আসা কর্মকর্তাদের বাদ দিয়ে আগামী ৫ দিনের মধ্যে পুনগঠন করা।

দুদকের যোগ্য পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের শূণ্য পদে আগামী ৭ দিনের মধ্যে পদোন্নতি প্রদান করা এবং চাকরিচ্যুত দুদকের সরকারি পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করা। 

এ বিষয়ে মতামত জানতে দুপুরে কমিশনের কাউকে পাওয়া যায়নি। সংস্থাটির একাধিক কর্মকর্তা বলেছেন, দুদক চেয়ারম্যান ও কমিশনারদ্বয় কার্যালয়ে আসেননি। এর বেশি কিছু তারা জানেন না।