২০ দিন বন্ধ থাকার পর বুধবার (৭ আগস্ট) খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো। আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিন সকালে অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খোলা থাকবে। নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীরা স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতরা কোনোভাবেই হলে থাকতে পারবেন না। এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আগামী ১১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম যথারীতি চালু করা হবে।
এছাড়া অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগ গ্রহণের জন্য তাদের প্রতি অনুরোধ করা হয়।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৭ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন।