সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহবান মানবাধিকার কমিশনের 

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহবান মানবাধিকার কমিশনের  

পরিবর্তিত বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিষয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এমন পরিস্থিতিতে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। 

এতে বলা হয়, ‘পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ যখন ক্রমে স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে, এর মাঝে কিছু সংখ্যক স্বার্থান্বেষী দুষ্কৃতকারী ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা করছে যে কারণে দেশের শান্তিপ্রিয়  জনগণের প্রত্যাশার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি হয়েছে।’ রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। কোনপ্রকার সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা, অগ্নিকাণ্ড ও লুটপাট কখনোই সমীচীন নয়। এ ধরনের ঘটনায় বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ  হতে পারে এবং আমাদের দেশকে পিছিয়ে দিতে পারে।’ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজ ও শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এছাড়া মানবাধিকারকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলকে ধৈর্য ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন।