বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাতসহ শত শত শহীদদের, যাদের রক্তে রাঙ্গানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। সেইসাথে দোয়া করছি, মহান আল্লাহ তাদের এই আত্নত্যাগকে কবুল করুন।’
কর্মসূচিগুলো হলো:
১. শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত।
২. আহত—পঙ্গুত্ববরণকারীদের সাথে সাক্ষাৎ, চিকিৎসা সেবা ও সামর্থ্যানুযায়ী সহযোগিতা প্রদান।
৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনলায়, সহায়—সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান।
৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়—সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান।
৫. সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা।
৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃখলা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।