সীমান্তে আ.লীগ-ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

দেশ ছেড়ে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা ও যশোরের বেনাপোল সীমান্ত থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার তাদের আটক করা হয়।

দর্শনা সীমান্তে আটক আওয়ামী লীগ নেতা রজব আলী (৫০) রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও দলের ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। আটক অন্যজন হলেন একই এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন (৩৪)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

বিজিবি জানায়, সকালে দুজন পাসপোর্টধারী ব্যক্তি ভারতে যাওয়ার সময় সন্দেহ হয় তাদের। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা পালিয়ে ভারতে চলে যাচ্ছেন বলে জানান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে গতকাল দুপুর ২টার দিকে বেনাপোল দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় সজীব হালদার নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি। তিনি ঢাকা নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি।

বিজিবি জানায়, যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে যশোর-৪৯ ও খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি।

অবৈধপথে ভারতে যাওয়ার জন্য বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত পথ ব্যবহার করা হয়।

বিজিবি আরও জানায়, দেশব্যাপী সহিংসতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর সীমান্ত দিয়ে প্রবেশকারীদের রুখতে মঙ্গলবার ঢাকা সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়। ফলে সীমান্ত এলাকায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের ওপারে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও (বিএসএফ) কঠোর অবস্থানে রয়েছে।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ওসি আজাহারুল ইসলাম জানান, দেশের এই পরিস্থিতিতে বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমেছে। ভ্রমণ ভিসায় কড়াকড়ি করা হয়েছে। মেডিকেল ভিসায় যাত্রী যাতায়াত করছেন। যশোর -৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রত্যেক বিওপি পোস্টে কঠোর নিরাপত্তা জোরদারসহ অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।