বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল বুধবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। নেতারা সমবেত কণ্ঠে বলেন, ‘আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনব, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এর আগে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান। পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা আওয়ামী লীগ নেতা রাজিউদ্দিন খান, এসএম নজরুল ইসলাম, নাজমুল হাসান নাজিম, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমীর হামজাসহ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, এই পরিস্থিতি আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রতিবাদ-প্রতিরোধ অব্যাহত রাখব। প্রত্যেককে গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। তারপরও যদি কেউ গ্রেপ্তার হয়। আমিও যদি গ্রেপ্তার হই। আপনারা বসে থাকবেন না। যে শক্তি নিয়ে আপনারা এখন চলছেন, তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামবেন। এ ছাড়া গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।