দেশে চলমান সহিংসতা ও নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মান্না বলেন, ‘শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র-জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। সেই লক্ষ্য সামনে রেখেই অন্তর্র্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন। গত ১৫ বছরের ধ্বংস্তূপের ওপর দাঁড়িয়ে এ সরকারকেই নতুন বাংলাদেশ গড়ার প্রথম দায়িত্ব নিতে হবে। সামাজিক, অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি অনেক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দৃঢ়তার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এ সরকারকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।’
তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে এই নৈরাজ্য থেকে তাদের নেতাকর্মীদের বিরত রাখার জন্য কার্যকর ভূমিকা নিতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ নৈরাজ্য ঠেকানোর জন্য সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার এ ক্রান্তিলগ্নে এ ধরনের কর্মকা-ের সঙ্গে যারা জড়িত, তারা দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত হবেন।