সাধারণ জনগণের অনুরোধ সত্ত্বেও প্রাণের ভয়ে পালিয়ে গেছেন মানিকগঞ্জের শিবালয় থানার পুলিশ সদস্যরা। গত মঙ্গলবার সুযোগ বুঝে পালিয়ে যান তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর গত দুদিনে মানিকগঞ্জের শিবালয় থানা, বরংগাইল হাইওয়ে থানা ও পাটুরিয়া নৌফাঁড়ির ৫৯ জন পুলিশ সদস্য পালিয়েছেন। ফলে সর্বসাধারণ চরম নিরাপত্তার অভাব অনুভব করছেন। এরপরও যারা শিবালয় থানায় দায়িত্ব পালন করেছিলেন, তাদের আশ^স্ত করেন স্থানীয়রা। তাদের নিরাপত্তার জন্য সোমবার রাতভর পাহারাও দেন তারা। কিন্তু পরদিন মঙ্গলবার ভোরে সুযোগ বুঝে পালিয়ে যান বাকি পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ছাত্র-জনতা সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় শিক্ষার্থী রফিক (২৬) মারা যান। নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা পাটুরিয়া পুলিশ বক্স, বিআইডব্লিউটিসি ফেরি টিকিট কাউন্টার, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দোকান-বাড়ি, দলীয় আরিচা অফিস, টেপড়া অফিস, উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিস, শ্রমিকলীগের সভাপতির অফিস ভাঙচুর করে। এছাড়া বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরসহ বিভিন্ন অফিস-আদালত থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন।