সংখ্যালঘুদের ওপর আক্রমণ ষড়যন্ত্রের অংশ: ড. ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা বাংলাদেশ একটি পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে হবে। যাতে আমরা একসঙ্গে কাজ করতে পারি। আসার পথে শুনলাম এখানে আইন-শৃঙ্খলার ব্যাঘাত ঘটছে। মানুষ-মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, চুরি করছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে এগুলো হলো ষড়যন্ত্রের অংশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।

প্রবল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যে বিশৃঙ্খলা, অরজকতা দেশে চলছে তা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি।

ইউনূস বলেছেন, আপনারা যদি আমার ওপর আস্থা রাখেন, আমার ওপর ভরসা রাখেন, তাহলে দেশের কারো ওপর আর কোনো হামলা হবে না। আর আমার কথা যদি আপনারা না শোনেন, তাহলে কোনো প্রয়োজন এখানে নাই। বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। ছাত্ররা যে পথ দেখায়, সেই পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশকে ‘স্বাধীনতা’ এনে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে তরুণ সমাজ এটাকে সম্ভব করেছে, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা এদেশকে রক্ষা করেছে। এ দেশকে পুনর্জন্ম দিয়েছে, এ পুনর্জন্ম যে বাংলাদেশ পেল, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে, সেটাই আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই।

এ সময় তিনি আবেগতাড়িত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে স্মরণ করেন।

দেশ আজ তরুণ সমাজের হাতে উল্লেখ করে তিনি বলেন, তোমাদের দেশ তোমরা মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেহেতু স্বাধীন করতে পেরেছ, তোমার মনের মতো করে গড়েও তুলতে পারবে। তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে, কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গড়ে তুলতে পারে।

দেশবাসীর উদ্দেশ্যে ইউনূস বলেন, আপনারা সহিংসতা পরিহার করুন।