জঙ্গি হামলার হুমকির কারণে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় টেইলর সুইফটের আসন্ন কনসার্ট বাতিল হয়েছে। এ ঘটনায় দেশটির পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে।
ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, আইসিসের ( ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া) প্রতি সহানুভূতিশীল এক ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, ইন্টারনেটে আইসিসের প্রচারণায় তারা প্রভাবিত হন। সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
যুক্তরাজ্যের লিডসে বসবাসকারী মলি সুরেট এক বছরেরও বেশি সময় আগে টিকিট কিনে বন্ধুদের সাথে শনিবারের শোতে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
তিনি বিবিসিকে বলেন, “ আমরা টেইলরের ইউরোপীয় সফর ঘোষণা করার সময় থেকেই এটির জন্য অপেক্ষা করছিলাম। এ ঘটনা আমাদের হতাশ করেছে। তবে আমি খুশি যে সবাই নিরাপদে থাকবে।”