বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে তার অফিস কক্ষে সাক্ষাৎ করে পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় আইজিপি তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের প্রস্তাবসমূহ দ্রুত স্তবায়নের করতে আইজিপির নির্দেশে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যবৃন্দ হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মো. নাজমুল ইসলাম, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুয়েল রানা, ডিএমপির এসি (ফোর্স) সৌম্য শেখর পাল, সিআইডির ইন্সপেক্টর মো. জাহিদুল ইসলাম, সার্জেন্ট মো. আসাদুজ্জামান জুয়েল, এসআই (সিআইডি) মো. জহিরুল হক, কনস্টেবল (ডিএমপি) মো. বরকত উল্লাহ।
কমিটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আহত পুলিশ সদস্যদের সুচিকিৎসা এবং তাদের প্রস্তাবসমূহ স্বল্পতম সময়ের মধ্যে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।